পুস্তক প্রকাশকের নিবেদন
‘স্বামীজীর বাণী ও রচনা’র চতুর্থ খণ্ডে প্রধানত ভক্তি-বিষয়ক বক্তৃতা ও কথোপকথন পরিবেশিত হল। সাধারণত এই ধারণাই প্রচলিত যে, স্বামীজী জ্ঞান ও কর্ম সম্বন্ধে যেভাবে যত কথা বলেছেন, ভক্তি সম্বন্ধে ততটা বলেননি। সকল প্রচলিত ধারণার মত এই ধারণাও কিছুটা সত্য। স্বামীজী ভক্তি সম্বন্ধে বেশী কথা বলেননি, কিন্তু যেখানে যতটুকু বলেছেন, তা খুবই গভীর —এই সংকলনে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে স্বামীজীর প্রচারিত ভক্তি পরাভক্তি, এবং পরাভক্তি ও পরাজ্ঞান একই। স্বামীজীর এই ‘ভক্তিযোগ সবরকম সাম্প্রদায়িক ভাবের উপরে—সমন্বয়ই তার মূলতত্ত্ব। জ্ঞান ও ভক্তির যে দ্বন্দ্ব, তা পথের দ্বন্দ্ব —লক্ষ্যের নয়।
এই খণ্ডের প্রথমাংশে আছে ‘ভক্তিযোগ’-নামক বিখ্যাত বক্তৃতাগুলির সংক্ষিপ্ত বিবরণ মাত্র, পরবর্তী অংশ ‘ভক্তি-রহস্য’-এ প্রায় একই বিষয় আলোচিত হয়েছে, সবিস্তারে ও সহজভাবে। একসঙ্গে আমরা প্রকাশিত বইয়ের বিষয়-বিন্যাস অনুসরণ করেছি।
তৃতীয় অংশ ‘দেববাণী’ Inspired Talks -নামক বিখ্যাত বইটির বঙ্গানুবাদ। বইটির শুরুতে ভূমিকা ও পটভূমিকায় পরিবেশ ও বিষয়বস্তুর গাম্ভীর্যের আভাস পাওয়া যাবে। বইটি পড়লে বোঝা যাবে ‘দেববাণী’তে স্বামীজীর জীবন-বাণী ঘনীভূতভাবে প্রকাশিত হয়েছে। এটি একাধারে জ্ঞান ও ভক্তির একখানি অমূল্য সঞ্চয়ন।
শেষাংশ ‘ভক্তি-প্রসঙ্গে’ —নতুন সঞ্চয়ন। নানা জায়গায় নানা সময়ে ভক্তি সম্বন্ধে দেওয়া বক্তৃতা ও কথোপকথন এখানে সংকলিত হল। ‘নারদ-ভক্তিসূত্রের বিশেষ অংশের অনুবাদ, এবং ভক্তি বিষয়ক গল্প-দুটি স্বামীজীর বহুমুখী প্রতিভার এক অজানা দিকের পরিচয় বহন করে।
এই গ্রন্থাবলী প্রকাশে যে-সব শিল্পী ও সাহিত্যিক আমাদের নানাভাবে সাহায্য করেছেন, তাদের সকলকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শিল্পাচার্য নন্দলাল বসুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, বর্তমান গ্রন্থাবলীর প্রচ্ছদপট তাঁরই পরিকল্পনা।
কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার ‘স্বামীজীর বাণী ও রচনা’ প্রকাশে আংশিক অর্থসাহায্য করে আমাদের প্রাথমিক প্রেরণা দিয়েছেন। সেজন্য তাঁদের আমরা ধন্যবাদ জানাচ্ছি।
পৌষ—কৃষ্ণাসপ্তমী, ১৩৬৯ প্রকাশক
১৭ই জানুয়ারী, ১৯৬৩
প্রকাশক
স্বামী মুমুক্ষানন্দ
উদ্বোধন কার্যালয়
উদ্বোধন লেন, বাগবাজার
কলকাতা-৭০০০০৩
E-mail : info@udbodhan.org
বেলুড় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ
কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রথম সংস্করণ
২১-০৩-১৯৬৪
ষোড়শ পুনর্মুদ্রণ
শ্রাবণ ১৪১৩
July 2006
ভক্তিযোগ

